সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির জন্য স্থানীয় সংসদ সদস্যকে (এমপি) জানানোর সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র জরুরি বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমান সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বৈঠকে মাঠপর্যায়ে কর্মকর্তা পদায়ন ও বদলির প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া যেসব সরকারি-কর্মকর্তার মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমে ঘাটতি পরিলক্ষিত হবে, তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সতর্কতামূলক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, মূলত কর্মকর্তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রান্সফারের (বদলি) বিষয়ে সংসদ সদস্যদের জানানোর জন্য সুপারিশ করা হয়েছে। আগে তো অফিসারদেরও জানানো হতো না। তাই এখন তাঁদের জানানোর পাশাপাশি সংসদ সদস্যদেরও জানানোর কথা বলেছে কমিটি।
বৈঠকে দশম জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত ‘গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল, ২০১৫’ পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সংসদে প্রতিবেদন পেশ করা হয়।
এ প্রসঙ্গে সভাপতি বলেন, সরকারি কর্মচারীদের বিদেশি নাগরিকদের বিয়ের বিষয়ে আগে আইন ছিল না। তাই এটিকে আইনে পরিণত করতে সংশোধনী আকারে সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশনে গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল-২০১৫ উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রাষ্ট্রপতির অনুমতি না পেলে কোনো গণকর্মচারী কোনো বিদেশি নাগরিককে বিয়ে বা বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলে বিলে বিধানের প্রস্তাব করা হয়।
বিলে বলা হয়, অন্য কোনো আইনে বা চাকরির শর্তাবলিতে যা কিছু থাকুক না কেন, কোনো গণকর্মচারী অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করলে তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
বিলে পাবলিক সার্ভেন্টস (ম্যারেজ উইথ ফরেন ন্যাশনালস) অধ্যাদেশ ১৯৭৬ রহিত করারও প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বিলটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এ ছাড়া বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চীন ও ভিয়েতনাম সফর সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে। বিদেশে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে অন্য কর্মস্থলে বদলি হয়ে সরকারের আর্থিক ক্ষতি ও প্রশাসনে অদক্ষতা যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ ও খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।


