প্রেমে বিরোধের জেরে রাজধানীর খিলক্ষেতে মুরাদ চৌধুরী অন্তর নামে এক যুবককে সাত তলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে পলিটেকনিকে ২য় বর্ষে পড়ুয়া অন্তরের পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় হত্যা মামলা করতে গেলে মামলা নেয়া হয়নি। এ ব্যাপারে মুখ খুলছে না পুলিশও। আর মেয়ের পরিবারের দাবি এ বিষয়ে কিছুই জানেন না তারা।
ঢাকা মেডিকেলের মর্গে ছেলের লাশের অপেক্ষায় বাবা। পাঁচ বোনের এক ভাই উত্তরা আইসিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র মুরাদ চৌধুরী অন্তর। থাকতেন খিলক্ষেতে। একই এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। অন্তরের বাবার অভিযোগ মেয়ের বাড়ির কেউ ছাদ থেকে ফেলে হত্যা করা করেছে তার ছেলেকে।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খিলক্ষেতের উত্তরপাড়া মেম্বার বাড়ি এলাকার এক বাসার সামনে আছড়ে পড়ে অন্তরের দেহ। অভিযোগের আঙ্গুল মেয়ের বাবার দিকে হলেও তিনি বলছেন, অন্তরের নিহত হওয়ার বিষয়ে কিছুই জানেন না। থানায় জিডির ভিত্তিতে ময়না তদন্ত হলেও অনেক চেষ্টার পরও এ বিষয়ে কথা বলেননি খিলক্ষেত থানার কোনো কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


