‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো’, ‘পূবের ঐ আকাশে সূর্য উঠেছে’ -এর মতো সাড়া জাগানো দেশাত্মবোধক গানের গীতিকার নয়ীম গহর আর নেই। মঙ্গলবার রাত সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
নয়ীম গহরের মৃত্যুর খবর নিশ্চত করেছেন তার মেয়ে ইলোরা গহর।
স্বাধীনতা পদকপ্রাপ্ত কালজয়ী এই গীতিকার অনেক দেশাত্মাবোধক গান লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় লিখিত তার গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলো। গান লেখার পাশাপাশি একজন ঔপন্যাসিক, গায়ক, অভিনেতা ও নাট্য রচয়িতা ছিলেন তিনি। বিবিসি বাংলার ভাষ্যকার ও সংবাদ পাঠক হিসেবে কাজ করেছেন।
গীতিকবি নয়ীম গহরকে ২০১২ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। নয়ীম গহরের মর দেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।


