শিশুর পায়ে গুলি করার দায়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানুষ। তার শাস্তির পাশাপাশি সংসদ সদস্য পদ বাতিলের দাবি তোলা হচ্ছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে ১০টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মঞ্চ চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন।
লিটনের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, পত্রপত্রিকায় দেখেছি, শিশুকে গুলি করার সময় সংসদ সদস্য মদ্যপ ছিলেন। এ ধরনের একজন ব্যক্তি কীভাবে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে এলেন?
‘অপরাধ করার কারণে আগেও সংসদ সদস্যপদ বাতিল হয়েছে। আমরা এই সংসদ সদস্যের পদ বাতিল ঘোষণার দাবি জানাচ্ছি। সাংসদকে ‘খুঁজে’ পাওয়া যাচ্ছে না পুলিশের এমন বক্তব্যের সমালোচনা করে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন। সংসদ সদস্যের অস্ত্র থেকে গুলি ছোড়া নিয়ে পুলিশের বক্তব্যের নিন্দা জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্চের প্রতিনিধিরা বলেন, আগের বছরগুলোর তুলনায় শিশু নির্যাতনের সংখ্যা বেড়েছে। নির্যাতনের ধরন আরো নিষ্ঠুরতর হয়েছে। জবাবদিহিতার অভাব ছাড়াও আইনের শাসনের অনুপস্থিতিতে এ ধরনের নির্যাতন বৃদ্ধি পায়।


