চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত বিজয় নন্দী (১২) উত্তর কাট্টলী ঈশান মহাজন রোডের মুক্তিমান নন্দীর ছেলে। স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখার পর বিজয় টেকনিক্যাল কাজ শিখছিল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোডে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে বিজয়। পুকুরে যাবার দীর্ঘক্ষণ পরও বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। বিকেল ৩টার দিকে সাইফুল আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। তারা এক ঘণ্টারও বেশি সময় তল্লাশি চালিয়ে বিকেল ৪টার দিকে পুকুর থেকে বিজয়ের লাশ উদ্ধার করে।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহেদুর রহমান বলেন, পুকুরে গোসল করার জন্য নেমে আর উঠতে পারেনি বিজয়। পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে পুকুর থেকে উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বিজয়ের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


