দুই বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত- নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়ের এই দাবির সঙ্গে একমত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার (জয়) বক্তব্যে একমত- উনি নিশ্চয়ই প্রমাণ পেয়ে এ কথা বলেছেন।’ জয়ের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘সজিব ওয়াজেদ জয়ের বক্তব্যে সত্যতা আছে। না হলে দুই বিদেশি হত্যাকাণ্ডে এ ধরনের বর্বরতা কেন? কারা এর সুবিধাভোগী? আগে অগ্নিসন্ত্রাস করে যারা ব্যর্থ হয়েছেন হয়তো তাদের নতুন কোনো কৌশল হতে পারে।’
মন্ত্রী বলেন, ‘সব সন্দেহ সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করি, শিগগিরই দুই বিদেশি হত্যার রহস্য উদঘাটন করতে পারবো। দুই বিদেশি হত্যায় আইএসের সম্পৃক্ততা নেই- এই দাবির পুনরাবৃত্তি করে আসাদুজ্জামান খান বলেন, ‘অতীতের ইতিহাস ও ঘটনাপ্রবাহে এমন হত্যাকাণ্ড কারা ঘটাতে পারে তা আমরা খতিয়ে দেখছি।’
উল্লেখ্য, বুধবার নিজস্ব ফেসবুক পাতায় জয় লেখেন, দুই বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত আছে। লন্ডন বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন।


