বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ঢুকে গ্রামবাসীর ওপর বিএসএফের গুলি, নিহত ১

BSFলালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে দিয়ে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি গ্রামবাসীদের ওপর গুলি। এতে একজন নিহত হয়েছেন। নারীসহ আহত আরও চারজন। বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পর আদিতমারীর দুর্গাপুর ইউনিয়নের গ্রামের আবুল কাশেমের ছেলে রহিমকে(৩০) কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আরেকজন আহত ব্যক্তি সুলতান (৬৫) এর অবস্থাও আশংকাজনক। আহতদের মধ্যে অন্যরা হলেন আনসার আলীর ছেলে সাজু, আনোয়ারুল ইসলামের ছেলে সুমন ও ইসমাইলের স্ত্রী রাবেয়া। গুলিবিদ্ধ রহিম ও সুলতানকে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

বিজিবি ও গ্রামবাসীরা জানায়, বিএসএফ জওয়ানদের একটি দল সীমান্তের জিরোলাইন থেকে বাংলাদেশের প্রায় সাড়ে ৩০০ গজ অভ্যন্তরে ঢুকে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

আহত বাংলাদেশিরা জানান, রাতে বিএসএফ আকস্মিকভাবে ওই এলাকায় ঢুকে কয়েকজন বাংলাদেশির গোয়ালঘরে থাকা গরু নিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা বাঁধা দেয়। এরপর সংঘর্ষ বাঁধে। এরই এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়তে ছুঁড়তে সীমান্তের ওপারে চলে যায়। যাওয়ার সময় তারা বাংলাদেশিদের চারটি গরুও নিয়ে যায়।

তবে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতী সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের একটি দল ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের পিছু নিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন