পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হচ্ছে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদের পাসপোর্ট করারও সুযোগ বহাল থাকতে পারে। ১০ বছরে একজন মানুষের চেহারা (অবয়ব) পরিবর্তন হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সুযোগ রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া বিদেশের কয়েকটি মিশনও বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার সুপারিশ করেছে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ১০ বছরমেয়াদি সাধারণ পাসপোর্টের ফি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ হাজার টাকা প্রস্তাব করলেও, অর্থ বিভাগ তা সাড়ে ৫ হাজার টাকা করার মতামত দিয়েছে। পাশাপাশি জরুরি পাসপোর্টের ফি ১১ হাজার টাকা করার সুপারিশ করেছে অর্থ বিভাগ। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ফি ৭ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। পাঁচ বছরমেয়াদি পাসপোর্ট করার সুযোগ বহাল রাখা হলে এ ফি সাধারণ পাসপোর্টর ক্ষেত্রে সাড়ে ৩ হাজার এবং জরুরি পাসপোর্ট ৭ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে। প্রসঙ্গত, বর্তমানে সাধারণ পাসপোর্ট ৩ হাজার এবং জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৬ হাজার টাকা ফি নেয়া হচ্ছে।
জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম বলেন, এ ধরনের চিন্তাভাবনার কথা শুনেছি। শিগগিরই এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানেই মূলত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশের ৪৯টি জেলায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন জমা নেয়া হয়। তা অনলাইনের মাধ্যমে ঢাকায় প্রিন্ট করে সংশ্লিষ্ট জেলায় পাঠানো হয়।
আর এসব ইস্যুকৃত পাসপোর্টের মেয়াদ পাঁচ বছরের জন্য নির্ধারিত। বিভিন্ন মহল থেকে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার প্রস্তাব করা হয় সংশ্লিষ্ট দফতরে। বিষয়টি নিয়ে গত বছরের ১৪ অক্টোবর বৈঠকে বসে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের পাসপোর্টের মেয়াদ পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। বিশেষ করে পাসপোর্টের মেয়াদ বাড়ানো হলে বিদেশে কর্মরত শ্রমিকদের ভিসা ও ওয়ার্ক পারমিট সংগ্রহ, মেয়াদ সহজ এবং সাশ্রয়ী হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট ফি সাধারণ চার হাজার টাকা এবং জরুরি ক্ষেত্রে সাত হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ১০ বছরমেয়াদি পাসপোর্টের পাশাপাশি ৫ বছরমেয়াদি পাসপোর্ট করার সুযোগও বহাল রাখা হতে পারে। কারণ ২০১৪ সালের অক্টোবরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কয়েকজন কর্মকর্তা ১০ বছরমেয়াদি পাসপোর্ট করার সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, পাসপোর্টে যেহেতু ছবি সংযুক্ত থাকে, একজন মানুষের চেহারা ১০ বছরে অনেক পরিবর্তন হতে পারে। ১০ বছর পর তার চেহারার
সঙ্গে পাসপোর্টের ছবির কোনো মিল নাও হতে পারে। সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।


