সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০৯ জন। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করীম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, এ মুহূর্তে ১৩০ বাংলাদেশি হাজিকে মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের বেশির ভাগই রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এই হাজিদের সুস্থতার ওপর নির্ভর করছে, কবে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
কনস্যুলেট ও মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন। নিহত কিছু হাজির লাশ চিহ্নিত করে তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে মক্কাতেই দাফন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।
বাংলাদেশি হাজীদের মধ্যে এখনও যাদের খোঁজ পাওয়া যায়নি, তাদের আত্মীয়-স্বজন, সহগামী হাজী ও হজ এজেন্টদের মক্কায় হজ মিশনের সঙ্গে (কক্ষ-১০৭, ফোন : ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০, ই-মেইল : [email protected] যোগাযোগ রাখতে অনুরোধ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


