বুধবার ৪ নভেম্বর ২০২৬

তুরস্কে জোড়া বোমা বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৮৬

1444469788তুরস্কের রাজধানী আঙ্কারায় দুইটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮৬ জন। স্থানীয় সময় শনিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সমাবেশ করতে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার সময় শহরের প্রধান রেলস্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে।

তুরস্কের সংবাদ সংস্থা দোগান বলেছে, শহরের প্রধান রেলস্টেশনের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের দেহ পড়ে আছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শ্রমিক ইউনিয়ন ও সুশীল সমাজের গোষ্ঠীগুলোর ডাকা ওই সমাবেশে স্থানীয় সময় সকাল ১০টা চার মিনিটে হামলাটি চালানো হয়।

কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে-র সঙ্গে চলমান সহিংসতার অবসান চেয়ে শান্তি সমাবেশটির ডাক দেওয়া হয়েছিল। সমাবেশকারীদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদৌলো জানিয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দোভুতৌলুকে ঘটনার বিষয়ে ব্রিফ করেছে দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান ও সরকারি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি জরুরি বৈঠকে বসার কথা রয়েছে। দুপুর ১২টার দিকে বৈঠকটি শুরু হতে পারে।

‘শান্তি ও গণতন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে ডাকা শান্তি সমাবেশটির উদ্যোক্তাদের মধ্যে কুর্দিপন্থি এইচডিপি পার্টিও ছিল বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর ১২টায় সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল।

এইচডিপি পার্টির ট্যুইটে বহু লোক হতাহত হওয়ার কথা বলা হয়েছে, এছাড়া আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় পুলিশ লোকজনের উপর ‘হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

আরও পড়ুন