দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’ ( বিএফইউজে)’র নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮শে নভেম্বর। এর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে নির্বাহী কমিটির সভায় এই্ সিদ্ধান্ত নেয়া হয়। বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া সাংগঠনিক রিপোর্ট পেশ করেন । আলোচনায় অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, যশোর সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দ ।
নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র সাংবাদিক আবু তাহের কে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ।
অঙ্গ সংগঠনগুলোকে আগামী ২৫শে অক্টোবরের মধ্যে ভোটার তালিকা, কাউন্সিলর তালিকা ও গঠণতন্ত্র সংশোধন প্রস্তাব মহাসচিবের কাছে পাঠাতে হবে ।
এদিকে সভায় জাতিসংঘের পরিবেশ ও জলবায়ু বিষয়ক ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পদক লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়।


