বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন, ঘাতক বাংলাদেশি আটক

Sujon_Newsworldbdফ্রান্সের প্যারিসে সাইন্ট ডেনিসে রাকিব সুজন নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। ৩ অক্টোবর শনিবার রাতে রাকিব সুজন নামে এক তরুণ বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে নির্মমভাবে খুন হন।

সূত্র জানায়, নিহত রাকিব সুজনের বাড়ি রাজধানী ঢাকার বাড্ডা এলাকায়। শুক্রবার স্থানীয় অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর সুজন প্যারিসের সাইন্ট ডেনিস এলাকায় তার বন্ধু চঞ্চল শেখের বাসায় দাওয়াত খেতে যান। সেখানে তার অন্যান্য বন্ধুদের সঙ্গে আরেক বন্ধু আমির খান ওরফে বাদশাও যান। পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমির খান পেছন থেকে সুজনের ঘাড়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা পুলিশে খবর দিলে আমির খানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে। ঘাতক আমির খানের বাড়ি মাদারীপুরের শিবচরে। নিহতের লাশ দেশে ফেরত পাঠানো হবে বলে জনা গেছে।

জানা যায়, সুজন প্রায় তিন বছর ধরে ফ্রান্সে বসবাস করে আসছিলেন। ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চাইলে ফ্রান্সের আদালত সুজনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি দীর্ঘদিন ধরে কর্মহীন থাকার ফলে জীবিকার জন্য বিভিন্ন সময়ে রাস্তার পাশে ফলের দোকানে কাজ করেছেন বলে জানা গেছে।

কিছুদিন আগে সুজনের সঙ্গে ঘাতক আমির খান বাদশার পরিচয় হয়। নাম প্রকাশ না করার শর্তে সুজনের এক বন্ধু জানান, ঘাতক বাদশা একজন ইয়াবাসেবী। পাশাপাশি তিনি ফ্রান্সে ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন। যার ফলে বাদশার সঙ্গে দেশি- বিদেশি অনেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবাসেবীদের সঙ্গেও তার সুসম্পর্ক হয়। সুজন বাদশাকে এই পথ থেকে ফিরে আসতে বলার একপর্যায়ে বাদশা উত্তেজিত হয়ে পড়েন এবং সুজনকে ঠাণ্ডা মাথায় খুন করেন।

ইউরোপ ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন