দুই বিদেশি খুন হওয়ার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গুলশান ও বারিধারা কূটনৈতিক এলাকার শুরু হলো সিসি টিভির রক্ষণাবেক্ষণের কাজ। রোববার দুপুরে বারিধারা ইউএন ব্রিজ এলাকার সিসি টিভিগুলো ঠিকভাবে কাজ করছে কি না -তা পরীক্ষা করতে দেখা যায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মীদের।
ওই প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী জানান, পর্যায়ক্রমে এই এলাকায় লাগানো ১০৫টি নিরাপত্তা ক্যামেরাই ঠিকঠাক আছে কি না -তা খতিয়ে দেখা হবে।
এদিকে রোববারও কূটনৈতিক পাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিভিন্ন রাস্তায় টহলের পাশাপাশি সন্দেহ হলেই যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি করেছেন তারা।


