চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চালের ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান। এ সময় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন : কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)।
মিরসরাই হাইওয়ে থানার ওসি ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। ভোরে ট্রাকটি জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ১১ জন আরোহীর মধ্যে সাতজন নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফরিদ উদ্দিন বলেন, নওগাঁ থেকে চট্টগ্রামগামী ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে চালের বস্তার ওপর বসে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।


