একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বুধবার রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন। মঙ্গলবার তাদের আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। সর্বোচ্চ আদালতের দেয়া চূড়ান্ত রায়ে পুনর্বিবেচনার আবেদন করার জন্য এই দুই আসামির হাতে আর দুই দিন সময় রয়েছে।
গত ২৯ জুলাই সালাউদ্দিন কাদের এবং এর আগে ১৬ জুন মুজাহিদের মামলায় আপিল বিভাগ রায় ঘোষণা করে। পৃথক দিনে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের রায় এলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশিত একইসঙ্গে, ৩০ সেপ্টেম্বর। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনাল পরদিন দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেয়। এরপর ১ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে সেই মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে শুরু হয় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের দিন গণনা।
১ অক্টোবর রায় পড়ে শোনানোর দিন হিসেবে ১৫ দিনের সময় শেষ হচ্ছে ১৫ অক্টোবর। এ হিসেবে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর হাতে দুইদিন সময় রয়েছে।
রিভিউ নিষ্পত্তির আগে তার দণ্ড কার্যকর করা যাবে না; আর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।
মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তার পাঁচ আইনজীবী শিশির মনির, মসিউল আলম, এহসান আব্দুল্লাহ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও আসাদ উদ্দিন। পরে তার আইনজীবী শিশির মনির বলেন, আমরা বুধবার রিভিউ দায়ের করব।
এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সন্ধ্যায় বলেন, আগামীকাল (বুধবার) রিভিউ আবেদন করার চেষ্টা করব।”
তবে তার আরেক আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আলফেসানী বলেন, “১৫ অক্টোবর রিভিউর ১৫ দিন সময় শেষ হচ্ছে। আমরা বুধবার রিভিউ আবেদন করব।”


