অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬ বাংলাদেশেই হচ্ছে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ দুবাইয়ে আইসিসির বোর্ড ও কমিটি সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশে ২০১৬ সালের ২২ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে। ফেব্রুয়ারির ১৪ তারিখে এর সমাপ্তি ঘটবে।
আইসিসির এই সভায় সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশই বিশ্বকাপের আসরটি আয়োজন করবে। তবে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেন তা আইসিসি ও সংস্থার অন্যান্য সদস্য দেশগুলোর নিরাপত্তা পরামর্শকদের সন্তুষ্ট করতে পারে।
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সম্প্রতি বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা প্রমীলা ক্রিকেট দল। এরপর গুঞ্জন উঠেছিল, আগামী বছর অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের আসর বাংলাদেশে হচ্ছে না।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


