বৃহস্পতিবার তৃতীয়বারের মতো কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র এখন সাজসাজ রব। সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার ভাষণ দেবেন তিনি। সফরকালে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। এদিকে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
২০১০ সালের পর আগামী ১৫ অক্টোবর তৃতীয়বারের মতো কুড়িগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে জেলার সড়কগুলো ছেয়ে গেছে শুভেচ্ছা সম্বলিত তোরণে। সে সাথে ফেস্টুন-প্ল্যাকার্ড, ব্যানার-পোস্টারে গোটা শহর সেজেছে বর্ণিল সাজে। এদিকে, শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত সর্বস্তরের মানুষও।
এছাড়া, জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থল সরকারি কলেজ মাঠে এখন জোরেশোরে চলছে নৌকা সাদৃশ্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ। এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এসএসএফ, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ।
সফরকালে, কুড়িগ্রাম সমন্বিত বীজ হিমাগার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনসহ সদ্যনির্মিত ৯টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া, রাজিবপুর ও কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কুড়িগ্রাম নার্সিং হোস্টেলসহ আরো আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।


