শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এ স্থগিতাদেশের ফলে এমপি লিটনকে গ্রেফতারে কোন আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেয়া আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে এ আদেশ দেন। এর আগে, এমপি লিটন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা খারিজ করে হাইকোর্ট তাকে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। বুধবার আবেদনটির শুনানির পর হাইকোর্টের নির্দেশ স্থগিত করে আদেশ দেন চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এমপি লিটনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যরিস্টার মোকসেদুল ইসলাম।
গত ২ অক্টোবর মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে নয় বছর বয়সী সৌরভ নামের এক শিশু আহত হয়। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহত সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণের সাজু মিয়ার ছেলে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এমপি লিটন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


