বাংলাদেশে দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় রাশিয়াও উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্টদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশে এ ঘটনা কেন ঘটছে তা তিনি জানেন।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠকে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে রাশিয়ার রাষ্ট্রদূত এ কথা বলেন।
নিকোলায়েভ বলেন, ‘দুই ফোঁটা পানি দেখে বৃষ্টি বোঝায় না। বাংলাদেশের সাম্প্রতিক দুই বিদেশি হত্যাকাণ্ডে রাশিয়াও উদ্বিগ্ন। আমি জানি বাংলাদেশে তা কেন হচ্ছে।’ কিন্তু এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। তা সত্ত্বেও কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত অ্যালার্ট জারির কারণে পর্যটন খাতসহ দেশের উদীয়মান অর্থনীতির অগ্রগতি ব্যাহত হতে পারে, যা কাম্য নয়।’
বর্তমান সরকার যেকোনো সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অপতৎপরতা প্রতিরোধে দৃঢ় মনোভাব ও পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’ তিনি রাশিয়ার রাষ্ট্রদূতের প্রতি বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতি তথা বাংলাদেশের প্রকৃত চিত্র কূটনৈতিক সহকর্মীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ধর্মনিপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্র বানানো যাবে না।’
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ঢাকা-মস্কো সরাসরি বিমান চলাচল চালু নিয়ে দুই দেশের মধ্যে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তির নবায়ন, পরিবর্তন ও পরিবর্ধনের বিষয়টি প্রাধান্য পায়। এ ছাড়া ঢাকায় আসন্ন বুড্ডিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়ার তিনটি বৌদ্ধ প্রধান এলাকার ভিক্ষুদের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক চেসারে তাবেলাকে গুলি করে। এরপর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ ঘটনার পাঁচদিনের মাথায় রংপুরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাপানের নাগরিক হোশি কুনিও নিহত হন।


