জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর । ওই দিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবে মেতে থাকবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সেখানেই হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের অস্থায়ী মঞ্চ। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃতিক রোশন। সঙ্গে থাকবেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্দেজ। সুরের মূর্ছনায় সেদিন দর্শকদের মোহিত করবেন কৃষনা কুমার কুন্নাথ (কেকে)।
হৃত্বিক-জ্যাকুলিনের সঙ্গে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বাংলাদেশের শিল্পীরাও। মমতাজ, রুনা লায়লা, আইয়্যুব বাচ্চুর পাশাপাশি মঞ্চে উপস্থিত হবে খ্যাতনামা অনেক ব্যান্ড দলও। আগামী এক সপ্তাহের মধ্যেই সব চূড়ান্ত করা হবে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছ বিপিএল গভর্নিং কাউন্সিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক।
উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে শেখ সোহেল মিডিয়াকে বলেছেন, ‘আমরা অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছি বেলা ৩টা থেকে। দুপুর থেকেই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন। আমরা অনুষ্ঠান শুরু করব বিকাল ৪টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্বোধনী বক্তব্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর বাংলাদেশের শিল্পীরা গান দিয়ে শুরু করবেন, মাঝে জ্যাকুলিন ও হৃতিক নাচবেন। সঙ্গে গান পরিবেশন করবে কেকে। তবে পুরো অনুষ্ঠানের মডেলটি এখনও সাজানো হয়নি। খুব দ্রুতই সবকিছু ঠিক করা হবে।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য দর্শকদের টিকেট কাটতে হবে। টিকেটের মূল ৩০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্য়ন্ত। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখিত বলিউড তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার বিষয়টি নিশ্চিত করে শেখ সোহেল বলেছেন, ‘আমরা ইতোমধ্যে হৃতিক, জ্যাকুলিন ও কেকের সঙ্গে চুক্তি করে ফেলেছি।’
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনার জন্য সম্ভাব্য খরচ ধরা হয়েছে ৩ কোটি টাকা। তবে বিদেশী তারকাদের আনতে কত টাকা খরচ হচ্ছে, সেই প্রসঙ্গে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন শেখ সোহেল।
তারকাদের নাচ-গানে যখন মেতে থাকবে মিরপুর স্টেডিয়াম, ঠিক তখনই আকাশে চলবে আতঁশবাজির খেলা। সঙ্গে লেজার শো তো থাকছেই।
এর আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানা অরাজকতা। অনেক বড় বড় শিল্পীর সেখানে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি। এমনকি অনুষ্ঠানও ছিল অগোছালো। তবে এবার এমনটি হবে না বলেই জানিয়েছেন শেখ সোহেল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিষয়টি আমরা এবার মাথায় রেখেছি। আগের বারের মতো যেন কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য আমি নিজেই সব চুক্তি সম্পন্ন করছি। আশা করি, দর্শকরা দারুণ একটি অনুষ্ঠান দেখার সুযোগ পাবে।’
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপিএলের আগের দুই আসরের উদ্বোধন করেছিলেন। তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। তার ছেলে নাজমুল হাসান পাপনই বর্তমানে বিসিবির সভাপতি। বিপিএল তৃতীয় আসরটির উদ্বোধন করবেন পাপন।


