নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় দুই বাসের সংঘর্ষে দুই নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহসড়কের নারায়ণপুর এলাকার পাতিলধোয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে অন্যন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই দুই বাসের তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ যাত্রী। স্থানীয়রা আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ভৈরব নেয়ার পথে দুই নারীর মৃত্যু হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ভৈরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ নূরে আলম বলেন, হাইওয়েতে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে। শুনেছি, নিহতদের মধ্যে চলনবিল পরিবহনের চালক ও সহকারী রয়েছেন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


