মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথিত শীর্ষ নেতা রেনিন সুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার বিকালে রাঙামাটির অতিরিক্ত বিচারিক হাকিম সাবরিনা আলী এই রিমান্ড আদেশ দেন।
খবরটি জানিয়ে আদালত পুলিশের পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, বিকালে রেনিন সু’কে আদালতে হাজির করে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজস্থলী থানার ওসি ওহিদ উল্লাহ সরকার জানান, বুধবার মুদ্রা আইনে রেনিন সু’র বিরুদ্ধে রাজস্থলী থানায় একটি মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাঙামাটির ইসলামপুর এলাকার একটি নির্মাণাধীন মসজিদ থেকে রেনিন সু’কে গ্রেপ্তার করা হয়। এসময় ৪১ হাজার ১২০ টাকা, বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড, ন্যাদারল্যান্ডসের একটি পাসপোর্ট, একটি ল্যাপটপ ও একটি পরিচয়পত্র উদ্ধার করা হয় বলে জানান ওসি।
রাঙামাটি বিজিবির মেজর শাব্বির আহমেদ, মেজর কামাল পাশা এবং ওসি ওহিদ উল্লাহ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।
চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারী রেনিন সু এক সময় নেদারল্যান্ডসে কাটিয়েছেন। গত কয়েক বছর ধরে তিনি রাজস্থলীতে বাড়ি বানিয়ে স্থানীয় এক মার্মা তরুণীকে বিয়ে করে রাঙামাটিতেই থাকছিলেন। সেখান থেকেই তিনি আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।


