সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হওয়া বাঞ্ছনীয়। এতে জনপ্রতিনিধিদের জবাবদিহি আরো বাড়বে বলে মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বলেছেন, এতে করে দলীয় জনপ্রতিনিধির বিষয়ে দায়দায়িত্বও দল নেবে। তবে প্রথম বার দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে গিয়ে অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে তা ভালো ফল আনবে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের উদ্যোগে ‘স্থানীয় সরকার আইন: নারী প্রতিনিধিত্ব’ শীর্ষক সেমিনারে এ সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, ইসি সচিবালয়ের যুগ্ম সচিব জেসমীন টুলী প্রমুখ বক্তব্য রাখেন।


