নয় বছরের শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনার মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।
গত ২ অক্টোবর মনজুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণের সাজু মিয়ার শিশুপুত্র সৌরভ আহত হয়। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন এমপি লিটন।
এরপর ১১ অক্টোবর রোববার সরকারদলীয় এই এমপি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্টে। ১২ অক্টোবর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ তার জামিন খারিজ করে তাকে ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
এরপর হাইকোর্টের ওই নির্দেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। ১৪ অক্টোবর বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেয়া আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এর ফলে এমপি লিটনকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই বলে জানান আইনজীবীরা।


