বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতে জঙ্গি অর্থায়নে বাংলাদেশ ট্রানজিট রুট?

rupeeবাংলাদেশ এবং ভারতে জঙ্গি অর্থায়নের জন্য ভারতীয় মুদ্রা পাচারে বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করছে পুলিশ। পার্শ্ববর্তী অপর একটি দেশে ছাপানো এসব ভারতীয় মুদ্রা দুবাই হয়ে আকাশ এবং জলপথে বাংলাদেশে প্রবেশ করছে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে চলে যাচ্ছে ভারতে। এ অবস্থায় মুদ্রা পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন।

২৩ দিনের ব্যবধানে বন্দরনগরী চট্টগ্রামে ধরা পড়লো ভারতীয় মুদ্রার দ্বিতীয় চালান। প্রথম চালানের রহস্যের জট এখনো খোলেনি। এর মধ্যেই এসে গেছে দ্বিতীয় চালান। আগের বার বন্দর হয়ে মুদ্রা পাচারেরর চেষ্টা হলেও এবার ব্যবহার করা হয়েছে আকাশ পথ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে পরিত্যক্ত অবস্থায় একটি কার্টুন থেকে উদ্ধার করা হয় ৬৮ লাখ টাকার ভারতীয় মুদ্রা। একইভাবে ২০ সেপ্টেম্বর বন্দরের একটি শেড থেকে উদ্ধার করা হয়েছিলো অন্তত সাড়ে তিন কোটি ভারতীয় রুপি।

মূলত জঙ্গি অর্থায়নের জন্যই বিপুল পরিমাণ এ মুদ্রা বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। এ অবস্থায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাইতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও চট্টগ্রামস্থ সহকারি ভারতীয় হাই কমিশনার সোমনাথ হাওলাদার জানিয়েছেন, বাংলাদেশকে ব্যবহার করে ভারতীয় মুদ্রা পাচারের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন