বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনের ঘাতক কামরুল ঢাকায়

1444906388সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে। বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি রাশেদুল ইসলাম খান জানান, দুপুর ২টা ৫৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা বিমানবন্দরে পৌঁছান।

বিষয়টি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহও নিশ্চিত করেছেন। জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার কিছুক্ষণ আগে তাদের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

সৌদি আরবে পুলিশের হেফাজতে থাকা কামরুল আনতে গত সোমবার ভোরে রিয়াদে যান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কামরুলকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ করলে সৌদি কর্তৃপক্ষ তাতে সম্মত হয়।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে পালিয়ে যান কামরুল । তিনি মধ্যপ্রাচ্যের ওই দেশটিতে থাকেন। রাজনকে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। তখন প্রবাসীদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশের হাতে তুলে দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

এরপর কামরুলকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ, জারি করা হয় রেড নোটিস।

রাজন হত্যাকাণ্ডের বিচার ইতোমধ্যে ‍শুরু হয়েছে সিলেটের আদালতে। বুধবার পর্যন্ত এই মামলায় ২৯ জনের জবানবন্দি শুনেছে আদালত।

আরও পড়ুন