ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে যে তথ্য পাওয়া গেছে, তাতে এ হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে দেশি ও আন্তর্জাতিক চক্র জড়িত। এ কারণে হত্যাকারীদের গ্রেফতারে কিছুটা সময় লাগছে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির সদর দফতরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।


