বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিরাপত্তা নিয়ে শঙ্কায় সৌরভের পরিবার

62064_117নিজের পিস্তল দিয়ে গুলি করে শিশু শাহাদত হোসেন সৌরভকে আহত করা গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মন্জুরুল ইসলাম লিটন গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সৌরভের পরিবার। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারটি। তারা দৃষ্টান্তমুলক শাস্তি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের পাশে দাঁড়িয়ে তারা এই আকুতি জানান।

সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন রাজধানীর উত্তরায় গ্রেফতার হওয়ার খবর টিভির মাধ্যমে জেনেছেন দাবি করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি শিশু বিভাগের চিকিৎসাধীন সৌরভের শয্যাপাশে দাড়িয়ে পিতা সাজু মিয়া নয়া দিগন্তকে জানান, এমপি সাহেব আটক হয়েছে জেনে আমার ভালো লেগেছে। হয়তো বিচার পাবো। কিন্তু পাশাপাশি আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ তারা এমপি, প্রভাবশালী।

তিনি বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই এমপি গুলি করেছিলেন। আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দিয়েছেন। এখন আমি চাই তার উপযুক্ত শাস্তি আর আমাদের পরিবারের নিরাপত্তা। সৌরভের মা সেলিনা বেগম জানান, আইনের ম্যারপ্যাচে অথবা প্রভাব বিস্তার করে এমপি লিটন যেন কোনোভাবেই বেরিয়ে আসতে না পারেন সেজন্য আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

গুলিবিদ্ধ শাহাদত হোসেন সৌরভ জানায়, সে ঠিকঠাকভাবে হাটতে পারবে কি-না জানে না। তবে সে স্কুলে যেতে চায়। এজন্য সবার সহযোগিতা চেয়েছে সে। পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, লিটন যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারেন সে জন্য প্রশাসনের নিকট দাবি জানাই।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, আমার বিশ্বাস এমপি লিটনের সুষ্ঠু বিচার হবে।
উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ বলেন, এমপি লিটন গ্রেফতার হওয়ায় এলাকার জনগণ শান্তিতে থাকবে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. মাহফুজুল হক মানিক জানান, পুরোপুরো সুস্থ না হওয়া পর্যন্ত সৌরভকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। সেরে উঠতে আরো এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে।

গত ২ অক্টোবর ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরন কালির ব্রিজের কাছে এমপি মনজরুল ইসলাম লিটনের পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয় চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ। গত ১৪ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন