আশ্বিনের শেষ সময়ের ঘ্রাণ এখন প্রকৃতিতে। আসি আসি করছে শীত। আর বাঙালির ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। কেননা আর মাত্র কদিন পরেই দুর্গাপূজা।রাজধানীর পুরান ঢাকার মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা সাজানোর কাজ করছেন শিল্পীরা। আর পুরোদমে পূজার কেনাকাটা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিমার অবয়ব তৈরি শেষ। বাকি আছে রং, পোশাক, আর গহনার কাজ। তাই নিরলস চলছে প্রতিমা শিল্পীর হাত। কটা দিন পেরুলেই বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই মণ্ডপে মণ্ডপে এখন দেখা যায় প্রায় সমাপ্ত প্রতিমা। পুজোর আমেজ জামা কাপড়ের দোকানেও। পুরান ঢাকার গলিতে পাওয়া যায় পূজার নানান আনুষঙ্গিক উপাচার। এখানে আসলে টের পাওয়া যায় উৎসবের দিনটি খুব কাছেই।
বারো মাসে তের পার্বণের এই দেশে, দুর্গাপূজাই সবচেয়ে মহাসমারোহে পালন করা হয়। সারাদেশের মতো রাজধানীর ব্যস্ত গলিতেও দেবীদুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরো দমে।


