বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্গাপূজাকে ঘিরে জমজমাট শাঁখারীবাজার

shaka-sidhur-35224শারদীয় দুর্গাপূজায় নতুন পোশাকের সঙ্গে উৎসবের রঙে নিজেদের রাঙাতে পুরান ঢাকার শাঁখারীবাজারে জমে উঠেছে শাঁখা, সিঁদুর ও আলতার বেচাকেনা। চাহিদা বেড়ে যাওয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন শাঁখার কারিগররা। সাজানো হবে মা দুর্গাকেও। তাই প্রতিমার নতুন পোশাক ও মুকুটের সাথে দেবীকে অঞ্জলি দেয়ার থালা, প্রদীপসহ পূজার নানা সরঞ্জামের বিক্রিও জমজমাট।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পূজামণ্ডপসহ সর্বত্রই এখন উৎসবের আমেজ। মা দর্শনে সবাই সাজবেন নতুন সাজে। তাই নতুন পোশাকের সাথে দেবী দুর্গাকে বরণে নতুন শাঁখা, সিঁদুর ও আলতার জন্য পুরান ঢাকার শাঁখারীবাজার এখন হিন্দু রমণীদের পদচারণায় মুখর। বিশেষ করে দশমীতে মা’র সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মাতবেন ভক্তরা।

সারা বছর শাঁখা পরলেও সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে নতুনত্ব চায় গৃহবধূরা। আর ক্রেতাদের খুশি করতে নতুন ডিজাইনের শাখা বানাতে ব্যস্ত কারিগররা। বিক্রেতারা জানান, সোনা বাঁধানো, পাথরের কারুকাজসহ বৈচিত্র্যময় নকশার শাখার চাহিদা বেশি ।

সাজানো হবে মা দুর্গা ও তার সন্তানদের। তাই প্রতিমার জন্য নতুন কাপড়, মুকুটসহ ক্রেতাদের চাহিদা মেটাতে হরেক রকম পূজার উপকরণে দোকান সাজিয়েছেন বিক্রেতারা। আর মায়ের চরণে অঞ্জলি ও পূজার অর্ঘ্য দিতে প্রদীপ, আগরবাতি, ঘটসহ সামর্থ্য অনুযায়ী নানা উপকরণ কিনছেন ক্রেতারা। এদিকে, পূজার আনুষ্ঠানিকতা শুরু হলে বিক্রি আরও বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা।

আরও পড়ুন