বুধবার ৪ নভেম্বর ২০২৬

‌‘আ.লীগ ক্ষমতায় থাকার পুরোটায় যুক্তরাষ্ট্র একই আচরণ করে আসছে’

2700বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের চলাফেরায় ওয়াশিংটনের সতর্কতা জারি এটা তাদের পলিসি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পুরোটার সময় যুক্তরাষ্ট্র একই আচরণ করে আসছে।

রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এলে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারির প্রভাব অর্থনীতিতে কী মাত্রায় পড়তে পারে তা জানতে চাইলে মুহিত আরও বলেন, “এটা তাদের (যুক্তরাষ্ট্র) পলিসি, আপনারা যতই চেষ্টা করেন না কেন, এটা খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। গত সাত বছর ধরে ইউএসএ একই পলিসি কনটিনিউ করছে, ইটস নট এ ম্যাটার ইন দি কান্ট্রি।”

বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে এই সতর্কতায় সরকার বিস্মিত বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। বলেন, বাংলাদেশের ব্যাপারে ওবামা প্রশাসনের দৃষ্টিভঙ্গি কখনোই স্বস্তিদায়ক ছিল না।

শনিবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের চলাফেরায় নতুন করে সতর্কতা জারি করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালি নাগরিক ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক খুনের ঘটনার পরপরই এদেশে নিজেদের নাগরিকদের চলাফেরার ওপর বাড়তি সতর্কতা জারি করার পাশাপাশি হামলার আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সবশেষ শনিবার রাতে নতুন করে সতর্কতা জারি করে মার্কিন দূতাবাস। হালনাগাদ করা নিরাপত্তা বার্তায় বলা হয়, বিদেশীদের নিরাপত্তায় বাংলাদেশের আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের নাগরিকদের ওপর হামলা হতে পারে এমন বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে তাদের কাছে। তবে, নাগরিকদের চলাফেরা সীমিত করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি বলেও বার্তায় জানানো হয়। বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা নাগরিকদের সাবধানে থাকতে বলা হয়।

আরও পড়ুন