বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে একচুলও নড়চড় হবে না: চুমকি

2m_550042277মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে একচুলও নড়চড় হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। রোববার বিকেলে কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

‘বাল্য বিবাহ; পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে- আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও মানুষের জন্য ফাউন্ডেশন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে শুধু আইন দিয়ে হবে না, শিক্ষা ও গণসচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় প্রতিনিধিদের আইনের আওতায় আনতে হবে। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধ করতে হবে। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ বছর করা যাবে না, ১৮ বছরই রাখতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের সমাজে দারিদ্রতার কারণে বাল্যবিবাহ হয়, এটা যুক্তিযুক্ত নয়। এখন মেয়েদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাল্যবিবাহের জন্য প্রতিমন্ত্রী মেয়েদের দায়ী করে বলেন, এখন মেয়েরা পছন্দের পর আর দেরি করতে চায় না। বিশেষ ক্ষেত্রে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ বছর বিবেচনা করতে হবে। সেই বিশেষ ক্ষেত্রগুলো কি, বের করার নির্দেশ দেন তিনি।

চুমকি বলেন, আপনারা আশ্বস্ত থাকেন, আপনাদের মতামত নিয়েই একটা ভালো আইন করবো। তবে আপনারা সমাজের বিশেষ ক্ষেত্রগুলো চিহ্নিত করুন।

সভায় মতবিনিময় করেন- সমাজকল্যাণ সচিব তারিক-উল ইসলাম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আলম, ঊর্ধ্বতন সমন্বয়কারী বনশ্রী মিত্র, আমরাই পারি’র সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন, শবনম ফেরদৌসী, জিনাত আরা হক প্রমুখ।

আরও পড়ুন