আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার লন্ডনে সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনে আয়োজিত ইউরোপ বিএনপির নেতাকর্মীদের সমাবেশে বক্তব্য দিবেন বেগম জিয়া।
জানা গেছে, এই সমাবেশ সফল করার জন্য রোববার যুক্তরাজ্য প্রস্তুতি সভা করেছে। পুর্বলন্ডনে হোয়াট-চ্যাপল এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন এম এ মালেক।
পশ্চিম লন্ডনের অভিজাত এলাকা কিংসটনে তারেক রহমানের বাসার পাশে একটি পৃথক বাসায় আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকছেন বেগম জিয়া। সেখানে তার কর্মকাণ্ডে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান জানান, বেগম জিয়া তার সুস্থ্যতা কামনা করে দোয়া করায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
গত ১৫ সেপ্টেম্বর রাত সকাল সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ ফ্লাইটে করে লন্ডনে পৌঁছেন খালেদা জিয়া। বেগম জিয়া লন্ডনে আছেন এক মাসের বেশী। ফেরার টিকিট ছিলো ১ অক্টোবর। ফেরা হয়নি। পরবর্তীতে ৩ অক্টোবর দেশে ফিরবেন বলে জানানো হয়েছিল। আবারো তারিখ পরিবর্তন করা হয়। দল থেকে বলা হয় ফিরবেন ৮ অক্টোবর । পরে ঠিক করা হয় ১৬ অক্টোবর। এখন বলা হচ্ছে নভেম্বরের সপ্তাহে ফিরবেন। দেশে কবে ফিরবেন তা অনিশ্চিত।
বর্তমানে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন তার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসিম উদ্দিন এবং তাবিথ আওয়াল।


