রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলার আসামি জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার গভীর রাতে শহরের তেরোখাদিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল (৪২) ও শাহ মখদুম থানা জামায়াতের আমির জিল্লুর রহমান ঈশা (৫৫)। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানান মহানগর পুলিশ কমিশনার।
পুলিশ কমিশনার জানান, প্রথমে ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিল্লুরকে গ্রেপ্তার করা হয়। দুজনই কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার মামলার আসামি।
২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের লোকনাথ স্কুল মোড়ে পুলিশের চলন্ত ট্রাকে বোমাহামলা হয়। হামলায় আহত নয় পুলিশের মধ্যে সিদ্ধার্থ চন্দ্র সরকারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ওই রাতেই বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি নেতৃত্বাধীন জোটের সাড়ে তিনশ নেতাকর্মীকে আসামি করা হয়।


