রংপুর নগরীতে বাসচাপায় বাইসাইকেলআরোহী তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর দর্শনা মোড়ে এই দুর্ঘটনায় নিহতরা হলেন- একই এলাকার অটোরিকশা চালক মমিন উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার (৬), ছেলে আব্দুস সালাম (৫) ও আশরাফুল ইসলাম (১৫)। এদিকে, ঘটনার পর থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত দর্শনা মোড়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
খবরটি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী। বলেন, ছোট ভাই সালাম ও বোন সুমাইয়াকে নিয়ে বাইসাইকেল চালিয়ে আশরাফুল রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। দিনাজপুরগামী তিতাস পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে সালাম এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুলের মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক বিমল কুমার বর্মণ বলেন, সোমবার রাত ৮টার দিকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) আশরাফুলের মৃত্যু হয়।


