বুধবার ৪ নভেম্বর ২০২৬

ওবামার সঙ্গে দেখা করলেন ‘ঘড়ি বালক’ আহমেদ মোহামেদ

Ahmed_Mohamed_and__3477306b‘ঘড়ি বালক’ নামে পরিচিতি পাওয়া ১৪ বছর বয়সী স্কুলছাত্র আহমেদ মোহামেদ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার হোয়াইট হাউজে বিজ্ঞানীদের সম্মানে অনুষ্ঠিত বার্ষিক ‘অ্যাস্ট্রোনমি নাইট’-এ আহমেদ প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কথা বলেন।

কিশোর আহমেদের সঙ্গে দেখা হওয়ার সময় ওবামা বলেন, তরুণদের দমন নয় বরং তাদের কাজে উৎসাহিত করা উচিত।

কিছুদিন দিন আগে শিক্ষকদের খুশি করার জন্য নিজের তৈরি করা একটি ঘড়ি নিয়ে স্কুলে হাজির হয়েছিল ১৪ বছরের কিশোর আহমেদ মোহামেদ। কিন্তু স্কুলে আহমেদের নিয়ে আসা ঘড়িটিকে ‘ঘড়ির ছলে বানানো বোমা’ ভেবে পুলিশকে খবর দেয় টেক্সাস অঙ্গরাজ্যের আর্ভিং শহরের ম্যাকআর্থার হাইস্কুল কর্তৃপক্ষ। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

তবে সুদানি বংশোদ্ভূত বালক মোহামেদকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি পুলিশ। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে।

নাসার বিজ্ঞানী থেকে শুরু করে ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও এ প্রতিক্রিয়ায় শামিল হয়েছিলেন।

নিজ টুইটার অ্যাকাউন্টে ওবামা বলেছিলেন, “কুল ক্লক, আহমেদ। এটা (ঘড়ি) নিয়ে হোয়াইট হাউজে আসতে চাও? বিজ্ঞানকে পছন্দ করার জন্য আমরা তোমার মতো আরও অনেক শিশুকে অনুপ্রাণিত করতে চাই। এটা আমেরিকাকে মহান করে তুলবে।”

ওবামার ওই আমন্ত্রণের ধারাবাহিকতাতেই সোমবার রাতে কিশোর আহমেদ গিয়েছিলেন হোয়াইট হাউজে।

আরও পড়ুন