বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ঘুমন্ত মা-মেয়েকে পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

1445326043ঝিনাইদহে মা ও তার শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালীগঞ্জের তরাশ গ্রামে এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

নিহতরা হলো- মা তাসলিমা বেগম (৩৮) ও শিশু তাসমিয়া (১৮ মাস)। আহতরা হলেন- তাসলিমার স্বামী নজরুল ইসলাম ও বড় মেয়ে উর্মি (২০)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবার আলী শেখ জানান, নজরুল ইসলামের মেয়ে উর্মির সঙ্গে যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কামাল হোসেনের বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর স্বামী কামাল যৌতুকের জন্য প্রায়ই উর্মিকে নির্যাতন করতেন। এতে উর্মির বাবা নজরুল তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে নজরুলসহ চারজনই দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের চিৎকারে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। তারপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদের তিনজনকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু পথে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মা ও মেয়ের মৃত্যু হয়।

এই হত্যার সঙ্গে উর্মির স্বামী কামাল জড়িত বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন