বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা: দোকানে ডাকাতি

mustaque-ahmedযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি কর্মীকে গুলি করে মেরে এক দোকানে ডাকাতির ঘটনা হয়েছে। শনিবার সকালে সেবরিং সিটির ৬২৯ এন রিজউড ড্রাইভের শেল ফুড মার্টে এ ঘটনা ঘটে।

নিহত মোশতাক আহমেদের (৬১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আগে নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়ের সঙ্গে থাকলেও সাত মাস আগে মোশতাক ফ্লোরিডায় এসে ওই দোকানে কাজ নেন বলে সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন জানান।

মিলন বলেন, এক কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে অস্ত্রের মুখে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং মোশতাককে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ মুশতাককে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েকঘণ্টা পর তিনি মারা যান।

ফ্লোরিডার বাংলাদেশি কম্যুনিটির নেতা আমিনুল ইসলাম অপু জানান, ঘটনার পরপরই পুলিশ দোকানটির সার্ভিলেন্স ক্যামেরা নিয়ে গেছে। তবে ওই ডাকাতকে এখনো আটক করা যায়নি।

শুক্রবার দুপুরে সেন্ট্রাল ফ্লোরিডা মসজিদে মোশতাকের জানাজা হবে। এরপর তার লাশ দাফনের জন্যে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।

দেশে মোশতাকের স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে বলে আমিনুল ইসলাম জানান।

গত অাগস্টে এই ফ্লোরিডাতেই শহীদুল আলম (৫৪) নামে এক বাংলাদেশিকে তার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন