নারায়ণগঞ্জ সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
বুধবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও তিন যাত্রী নিহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভোরে একটি সিএনজি অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গেলে পেছন থেকে একটি ট্রাক একে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ও অটোরিকশার তিন যাত্রী মারা যান।
এদের মধ্যে অটোরিকশার চালক সাগরের (২৫) বাড়ি রূপগঞ্জ উপজেলা কাজীপাড়ায়। আর তিন আরোহীর মধ্যে মিন্টু (৪০) নামের একজনের বাড়ি রূপগঞ্জের রূপসী গ্রামে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, জেলার শিমরাইল উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সিদ্দিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শেখ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।


