বুধবার ৪ নভেম্বর ২০২৬

উজবেক ভাষায় প্রথম বাংলা কবিতা: ২৭ কবির ২৭ কবিতা অনূদিত

poem-Uzbekপ্রথমবারের মতো বাংলাদেশী ২৭ জন কবির ২৭টি কবিতা উজবেক ভাষায় প্রকাশিত হয়েছে। An Anthology of Modern Bengali Poetry Translated into Uzbek শীর্ষক উজবেক ভাষায় প্রথম আধুনিক বাংলা কবিতার ১২০ পৃষ্ঠার এই সংকলনের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব তাসখন্দে’র বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কবিতা গ্রন্থের সংকলনটি উজবেক ভাষায় অনুবাদ করেন সায়োরা রহিমভা।

প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। এছাড়া অনুষ্ঠানে উজবেকিস্তানের সাবেক সংস্কৃতিমন্ত্রী মিনহাজ উদ্দিন হোজিমোতভ, উজবেকিস্তানের ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিব আলিসার ইকরামভ, আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থার মহাপরিচালক নাসির মোহাম্মদসহ অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

উজবেকিস্তানের কবি ও সাহিত্যিকদের পদচারণায় বাংলাদেশ দূতাবাসে উৎসব মুখর পরিবেশ ছিল। তিনজন উজবেক শিশুর বাংলা কবিতা আবৃত্তির মাধ্যমে প্রকাশনা অনুষ্ঠানের সূচনা হয়।

রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান সূচনা বক্তব্যে বলেন, ‘দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই বন্ধন বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।’

অনুষ্ঠানে উজবেক ভাষায় অনুদিত রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও কবি সুফিয়া কামালের তিনটি কবিতা আবৃত্তি করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উজবেক ভাষায় পাঁচটি কবিতা আবৃত্তি করা হয়।

আরও পড়ুন