চাঁদপুরে মেঘনা নদীতে তেলবাহী একটি জাহাজে আগুন লেগে এর ইঞ্জিন, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার রাত ৯টার দিকে ওটি ওশান নামের জ্বালানি তেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম যাচ্ছিলো। জাহাজটি মেঘনার জাহাজমারা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় জাহাজের মাস্টারসহ ১৩জন স্টাফ সাঁতরে তীরে উঠেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর সদর নৌ-পুলিশের এসআই মোশাররফ হোসেন জানান, “ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মাঝনদীতে ওই জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। জাহাজের মাস্টারসহ নাবিক ও শ্রমিকরা সাঁতরে তীরে ওঠেন। অগ্নিকাণ্ডের সময় ওশান লাইট তেল বহন করছিল না। তেল থাকলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারত।”
জাহাজে আগুন লাগার খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ ও নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান এসআই মোশাররফ।
চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল জাহাজটি পরিদর্শন করেছেন।


