বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুভাগে বিভক্ত হয়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জেএমবি: পুলিশ

jmb logoকারাভোগকারী এবং আন্ডারগ্রাউন্ড এই দুই ভাগে বিভক্ত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সারাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এর মধ্যে বগুড়ার কাহালু এলাকার ডাক্তার নজরুল আন্ডারগ্রাউন্ড গ্রুপটির মাধ্যমে জেএমবিকে সংগঠিত করলেও কারান্তরীন গ্রুপের নেতৃত্বে রয়েছে হাফেজ রায়হান নামে আরেকজন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর এসব তথ্য জানিয়েছে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা।

শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার পর জেএমবি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। এরপর সংগঠিত করতে নেতৃত্বে শীর্ষ পর্যায়ে কয়েকবার পরিবর্তন আনে জঙ্গি সংগঠনটি।

সবশেষ শীর্ষ নেতা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে। সম্প্রতি চট্টগ্রামে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা তাদের নেতৃত্ব নিয়ে আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আকতার বলেন, ‘তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কার্যক্রম পরিচালনা করছেন। কেউ সরাসরি জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত আবার অনেকে দাওয়াতি কাজ করছেন।’

চট্টগ্রাম মহানগর আদালতের পি পি অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলো তাদের নাম বলেছে। এবং এ তথ্যগুলো সত্য। কারণ তারা একসঙ্গে বিভিন্ন জঙ্গি কার্যক্রমে অংশ নিয়েছে।’

সিএমপি কমিশনারের ধারণা, দেশকে অস্থিতিশীল করতে জঙ্গিদের পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কয়েক মাস আগে ডাক্তার নজরুলকে হাফেজ রায়হানের সমর্থিতরা হত্যা করেছে বলে দাবি করা হলেও, চট্টগ্রামের গোয়েন্দা কর্মকর্তাদের এ ধরণের কোনো তথ্য জানা নেই।

আরও পড়ুন