বাংলাদেশে এখন অন্যায়, অবিচার আর অনাচারের দুঃসময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এদেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন আর নেই। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান বেগম জিয়া।
পবিত্র আশুরা উপলক্ষে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বাণীতে দেশবাসীর প্রতি তিনি এই আহ্বান জানান।
বিএনপিপ্রধান বলেন, ‘অন্যায়, অবিচার, অন্যায্য, অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। মহানবী (সা.)ও অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।’
বেগম জিয়া আরও বলেন, অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এই দিনে শাহাদাত বরণ করেন। কারবালা প্রান্তরে সেই হৃদয়বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তাঁর আত্মত্যাগ বাংলাদেশসহ মানবজাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।


