বুধবার ৪ নভেম্বর ২০২৬

নাশকতার উদ্দেশ্যেই বোমা বিস্ফোরণ: ডিএমপি কমিশনার

dmp-com‘নাশকতার উদ্দেশ্যেই হোসেনী দালানের সামনে বোমা বিস্ফোরণ করা হয়েছে’— এমন দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পুরান ঢাকার হোসেনী দালানের সামনে শনিবার সকালে বোমা বিস্ফোরণের স্থান পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রাথমিক তথ্যে এ বোমা হামলার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় সিসি টিভি ক্যামেরা বসানো আছে। ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তদন্ত অব্যাহত রয়েছে। আশা করছি হামলাকারীরা শীঘ্রই শনাক্ত হবে।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ইতোমধ্যে ঘটনার পর গতিবিধি সন্দেহজনক হওয়ায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।’ নিরাপত্তার জন্য তাজিয়া মিছিলের সঙ্গে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক নিহত হন। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন