হবিগঞ্জে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। তারা অটোরিকশার আরোহী ছিলেন। শনিবার দুপুর ১২ টার দিকে শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক জিয়াউর রহমান (২৮), শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিশাপট গ্রামের সবুজ আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫) এবং বাহুবল উপজেলার তগলী গ্রামের কাকন পরের ছেলে দিনেছ পর (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা রূপসী বাংলা পরিবহনের বাসটি বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই জিয়াউর মারা যান। গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুলবুল ও দিনেছকে চিকিৎক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই নারী ও দুই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


