বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিয়াদের ওপর হামলার দায় স্বীকার আইএস’র

রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় বোমাহামলার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে খবর দিয়েছে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামে একটি ওয়েবভিত্তিক নজরদারি প্রতিষ্ঠান।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ইসলামী জঙ্গি কার্যকলাপের ওপর নজরদারি চালানো ওয়েবভিত্তিক প্রতিষ্ঠান ‘সাইট’ ইসলামি স্টেটকে উদ্ধৃত করে বলেছে ‘বাংলাদেশ খেলাফতের যোদ্ধারা’ ঢাকায় তাদের ভাষায় ‘বহু-ঈশ্বরবাদী আচার’ পালনের সময় বিস্ফোরক হামলা চালিয়েছে।

বোমা হামলায় ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রায় ৫০ জনের মত মানুষের আহত হওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে আরও বেশি মানুষ আহত হওয়ার খবর দেওয়া হয়েছে। পুরান ঢাকার হোসেনি দালান চত্বরে শুক্রবার দিবাগত রাত দুটার দিকে এই হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার পর পুলিশ বলেছে, এটি জঙ্গি হামলা নয়; এই হামলা পরিকল্পিত। এটি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের কাজ।

আরও পড়ুন