বুধবার ৪ নভেম্বর ২০২৬

এএসআই মোল্লার খুনীর সহযোগী রিমান্ডে

police-muder-Ibrahim-Mollahরাজধানীর গাবতলীতে দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা খুনের ঘটনায় আটক মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার মাসুদ রানাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ঘটনার সাথে কারা জড়িত ও মূল রহস্য উদঘাটনের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সেলিম হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি এ্যান্ড প্রসিকিউশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, ‘খুনী ও তার সহযোগী ঢাকার বাইরে থেকে রাতে গাবতলীতে পৌঁছে। পর্বত সিনেমা হল এলাকায় এলে পুলিশের তল্লাশির মুখে পড়ে তারা। তখনই তাদের একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। মূল খুনী পালিয়ে যেতে পারলেও তার সহযোগী মাসুদ রানাকে একটি ক্যামেরাসহ আটক করে পুলিশ সদস্যরা।’

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পর্বত সিনেমা হলের সামনে ডিউটি করছিলেন এএসআই ইব্রাহিম মোল্লা। সেখানে কয়েক যুবককে তল্লাশি করার সময় দুই যুবক তাকে ছুরিকাঘাত করে। আহতাবস্থায় স্থানীয়দের সহায়তায় অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদ আহমেদ জানান, দুর্বৃত্তরা মাদক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় ইব্রাহিম তাদের গতিরোধ করে তল্লাশি করতে চাইলে দুর্বৃত্তরা ইব্রাহিমকে চুরিকাঘাত করেন। পরে পুলিশ একজনকে আটক করে।

দারুসসালাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নূর নবী জানান, ইব্রাহিমের গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার তালপাড়া গ্রামে। তার বাবার নাম সাত্তার মোল্লা। দেড় বছর ধরে দারুসসালাম থানায় কর্মরত ছিলেন ইব্রাহিম। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে দারুসসালামের ৪৮/৩ বর্ধবাড়ি এলাকার একটি বাসার পাঁচতলায় থাকতেন। শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

আরও পড়ুন