বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে। কারণ, এদেশে বর্তমান গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট এএন ইউসুফের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীর এক আলোচনা সভায় মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ সরকার জনগণকে মুগ্ধ করতে চাচ্ছে। কিন্তু, দেশে প্রতিনিয়ত সাধারণ মানুষ নির্যাতন, হত্যা ও গুমের শিকার হচ্ছে। তাই এ পরস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই।
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। ফলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কারণ, আমরা অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। আর তাই ঐক্যই আমাদের প্রধান অস্ত্র।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, দেশে উন্নয়নের ধুয়া তুলে ক্ষমতাসীনরা জনগণকে মুগ্ধ করে রাখার চেষ্টা করছে। এসময় তিনি দেশের সব রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের জনগণকে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানান।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়েরসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত এতে ছিলেন।


