বিএনপি নেতা দেওয়ান মো. সালাহউদ্দিন ও সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
বিএনপি নেতা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতা ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের ও গ্রেপ্তার করা হচ্ছে। বিরোধী নেতাকর্মীরা যাতে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, এসব হয়রানি সে উদ্দেশ্যে করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে নিয়োজিত রাখার কারণেই আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছে। অবিলম্বে দেওয়ান সালাহউদ্দিন ও রেফাত উল্লাহর মামলা প্রত্যাহার করে তাঁদের মুক্তির দাবি জানান তিনি।
আজ সকালে রাজধানীর গুলশান থেকে সাভারের সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন ও সাভার পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


