সৌদি আরবে বসবাসকারী প্রবাসীরা এখন থেকে পাসপোর্ট নিজের কাছেই রাখতে পারবেন। সৌদি সরকারের নতুন এ আইন প্রণয়নে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এই আইন দুর্ভোগ এবং ভোগান্তি কমিয়ে আনবে বলে আশা তাদের।
সৌদি আরবে এতদিন প্রবাসীদের পাসপোর্ট জমা দিতে হতো জামিনদার বা কফিলের কাছে এ কারণে অনেক সময় ভোগান্তি পোহাতে হতো তাদের।
এ নিয়ে প্রবাসীদের নানা অভিযোগ ছিল। তবে বৃহস্পতিবার জাতীয় দৈনিক সৌদি গেজেটে এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের নতুন আইন অনুযায়ী এখন আর কফিলরা প্রবাসীদের পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবেন না। আর যদি কোনো শ্রমিকের পাসপোর্ট কফিল আটকে রাখে তাকে প্রায় ৪৪ হাজার টাকা সমপরিমাণের রিয়াল জরিমানা গুনতে হবে। আর কাজ করার চুক্তিনামা আটকে রাখলে কফিলকে জরিমানা করা হবে প্রায় এক লাখ (পাঁচ হাজার রিয়াল) টাকার সমপরিমাণের রিয়াল। সরকারের এই নতুন আইনে যারপরনাই খুশি প্রবাসী বাংলাদেশিরা।
আইনে শ্রমিকদের যথাসময়ে বেতন পরিশোধ না করলে কফিলের জরিমানা হবে উল্লেখ করা হয়েছে।
আইন অনুযায়ী এক মাসের মধ্যে কফিলকে এই জরিমানা পরিশোধ করতে হবে। আর কোনো কোম্পানির বিরুদ্ধে দুইবার এই আইন অমান্য করার অভিযোগ পাওয়া গেলে, দ্বিগুণ জরিমানা গুনতে হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।


